সবাইকেই অনুরোধ করব ভয় না করে এগিয়ে আসুন " : পুলিশ সুপার
-
রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কান্দি থানার পুলিশ
জৈদুল সেখ, কান্দি
লকডাউনের পর থেকেই শুরু জেলা জুড়ে রক্তের সংকট, রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছে রোগীর আত্মীয় পরিজন। কান্দি মহকুমায় গত দুমাস ধরে রক্তের সংকট ছিলই, সেই রক্তের সংকট মেটাতে এবার বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে কান্দি থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজকুমার। সোমবার সকাল দশটার পর থেকেই রক্তদাতাদের রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন পুরুষদের পাশাপাশি মহিলাসহ একশো জন রক্তদান করেছে। উল্লেখ্য সিভিক ভলেন্টিয়ার্সের রক্তদানের সংখ্যা বেশি ছিল। জেলা পুলিশ সুপার কে সবরী রাজকুমার বলেন " রাজ্য সরকার উৎসর্গ নামে একটি প্রকল্প চালু করেছে, সেখানে আমাদের মূল লক্ষ্য রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকা, আজ এই মহতী দিনে জেলা জুড়ে রক্তদান শিবির চলছে, আমরা সবাইকেই অনুরোধ করব ভয় না করে এগিয়ে আসুন, তাতে আপনার রক্তে অন্য একজনের জীবন বেঁচে যাবে "
রক্তদাতাদের উৎসাহ করতে এদিন পুলিশের পক্ষ থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল প্রত্যেক রক্তদাতাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর পাশাপাশি পরিবেশ বিষয়ে সচেতন করতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এই রক্তদান শিবিরে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মধক গৌরব চ্যাটার্জি,কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস,কান্দি কোয়ার্টার সরকারি উকিল সুনীল চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যাক্তিত্ব।